মিরপুর দিয়াবাড়ি সংলগ্ন কাঁচামাল আরতের সামনে ময়লার স্তুপ, জনদুর্ভোগ চরমে

Jun 16, 2025 - 12:33
Jun 16, 2025 - 12:34
মিরপুর দিয়াবাড়ি সংলগ্ন কাঁচামাল আরতের সামনে ময়লার স্তুপ, জনদুর্ভোগ চরমে

মিরপুরের দিয়াবাড়ি এলাকার কাঁচামাল আরতের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপে এলাকাবাসী ও পথচারীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। মূল সড়কের গা ঘেঁষে পড়ে থাকা পচা শাকসবজি, ফলমূল, এবং অন্যান্য বর্জ্যের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, দুর্গন্ধে পথচলা দুরূহ হয়ে উঠেছে।

ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার পাশজুড়ে বড় একটি অংশ জুড়ে পড়ে আছে বাজারের বর্জ্য। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সেই ময়লা রাস্তায় ছড়িয়ে পড়ছে, গাড়ি ও রিকশা চলাচলে বাঁধা সৃষ্টি করছে। পথচারীদের অভিযোগ, সকাল থেকে রাত অবধি দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে তাদের চলাফেরা করতে হচ্ছে।

এলাকার এক বাসিন্দা বলেন, “এই রাস্তা দিয়েই প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। অথচ এমনভাবে ময়লা ফেলে রাখা হয়েছে, যেন কেউ দেখার নেই। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কেউ এগিয়ে আসছে না।”

দোকানদাররা জানান, বারবার অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এই ময়লা আরও ছড়িয়ে পড়ে যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

স্থানীয় জনগণ দ্রুত এই ময়লার স্তূপ অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।