জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও অধ্যাপক ড. মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে তিন সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান করছে দুদক।
অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞার ওই আদেশ দেয়।